ই-জিপি জানতে ঢাকায় শ্রীলংকার প্রতিনিধি দল
বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) প্রবর্তিত ইলেকট্রনিক গর্ভনমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সিস্টেম বাস্তবায়নের সাফল্য সম্পর্কে জানতে, বুঝতে এবং নিজের দেশে তা বাস্তবায়ন করতে শ্রীলংকার সাত সদস্যের একটি সরকারি ক্রয় বিষয়ক প্রতিনিধিদল রবিবার থেকে বিপিপিএ’র সঙ্গে বৈঠক করছে। ৩ দিন ধরে চলবে এই অভিজ্ঞতা বিনিময় বৈঠক।
বৈঠকের আগে প্রতিনিধিদলকে বিপিপিএ’তে স্বাগত জানান বিপিপিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শোহেলের রহমান চৌধুরী। তার সভাপতিত্বে অনুষ্ঠিত বিভিন্ন সেশনে শ্রীলংকার পাবলিক ফিন্যান্স দপ্তরের মহাপরিচালক ই এ রাত্নাশিলা শ্রীলংকা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
প্রতিনিধিদলে শ্রীলংকার ই-জিপি সেক্রেটারিয়েট, জাতীয় প্রকিউরমেন্ট কমিশন, তথ্য প্রযুক্তি ব্যবস্থাপনা বিভাগ ও পাবলিক ফিন্যান্সের কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছে। শ্রীলংকার প্রতিনিধিদলের সংগে সে দেশে বিশ্বব্যাংক ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধিও রয়েছে।
বাংলাদেশে ই-জিপি সিস্টেমের বাস্তবায়ন জানা ও বোঝার জন্য এর আগেও ২০১৭ সালে শ্রীলংকার একটি ৩ সদস্যের প্রতিনিধি দল পূর্বতন সিপিটিইউ পরিদর্শন করেছে। ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর পূর্বতন সিপিটিইউকে বিপিপিএ’তে রূপান্তর করা হয়েছে।
শ্রীলংকার চলতি সফরসহ এ পর্যন্ত মোট ১২ টি দেশ ও ৫ টি আন্তর্জাতিক সংস্থা ই-জিপি বিষয়ে মত বিনিময়ের জন্য বিপিপিএ বা পূর্বতন সিপিটিইউ পরিদর্শন করেছে। দেশ ও সংস্থাগুলো হচ্ছে তানজানিয়া, মিশর, মোজাম্বিক, নাইজেরিয়া, ইথিওপিয়া, অস্ট্রিয়া, শ্রীলঙ্কা, ভূটান, আফগানিস্তান, নেপাল, গাম্বিয়া এবং নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, আইএমএফ, উই কানেক্ট ইন্টারন্যাশনাল, কোরিয়ান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি ও সোশ্যাল এন্টারপ্রাইজ (ইউকে)।
২০১১ সালের ২ জুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি ক্রয়ের ডিজিটাইজেশনের জন্য ই-জিপি পোর্টাল উদ্বোধন করেন। এরপর থেকে ই-জিপির দ্রুত সম্প্রসারণ ঘটেছে। বর্তমানে ই-জিপির মাধ্যমে সরকারি ক্রয় প্রক্রিয়াকরণসহ চুক্তি ব্যবস্থাপনার সকল কাজ অনলাইনে সম্পন্ন করা হচ্ছে। বাংলাদেশের এমন একটি পূর্ণাংগ ডিজিটাল ক্রয় ব্যবস্থা দেশে ও বিদেশে প্রশংসা অর্জন করেছে।
শ্রীংলকা তাদের দেশে ই-জিপি চালু করলেও বিভিন্ন সমস্যা মোকাবেলা করছে এবং এখনও পুরো সিস্টেম ডিজিটাল হয়নি। বাংলাদেশ কীভাবে ই-জিপির সফল বাস্তবায়ন করেছে তা জানতে ও বুঝতেই তাদের এ সফর বলে উল্লেখ করেছেন দলনেতা।
বিপিপিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশে ই-জিপি বাস্তবায়নের পটভূমি ও প্রক্রিয়া ব্যাখ্যা করেন। বিপিপিএ’র ই-জিপি সিস্টেম পরিচালনা ও ব্যবস্থাপনায় লিড পরামর্শক হিসেবে নিযুক্ত রয়েছে দোহাটেক নিউ মিডিয়া। সংগে রয়েছে বেক্সিমকো আইটি ডিভিশন ও জিএসএস ইনফোটেক লিঃ।
প্রথম দিনে বিপিপিএ’র কর্মকর্তাগণ ও কারিগরী বিশেষঙ্গগণ উপস্থিত ছিলেন। কারিগরী বিশেষঙ্গগণ শ্রীলংকা প্রতিনিধিদলকে ই-জিপির বিভিন্ন বিষয়ের ওপর ব্যাখ্যা দিচ্ছেন। ডাটাসেন্টার ম্যানেজমেন্ট ও ই-জিপি সিকিউরিটি বিষয়ে রয়েছেন জনাব মোহাম্মদ মইনুল হোসেন, ই-জিপিতে নতুন প্রযুক্তি বিষয়ে জনাব আবু মো. মোস্তফা, ই-জিপি সিস্টেম পরিচালনা ও ব্যবস্হাপনা বিষয়ে জনাব নাজমুল ইসলাম ভূঁইয়া এবং বাংলাদেশে ই-জিপির সার্বিক বিষয় নিয়ে জনাব মো. মোশাররফ হোসেন।
দোহাটেক নিউ মিডিয়া শ্রীলংকা প্রতিনিধিদলকে ই-জিপির বিভিন্ন ব্যবহারিক দিক নিয়ে বিস্তারিত বর্ণনা করছে। এছাড়া প্রতিনিধিদলটি ই-জিপি বাস্তবায়ন বিষয়ে ব্যবহারিক ধারণা লাভের জন্য এলজিইডি কার্যালয়ও পরিদর্শন করবে। ৪ জুন তাদের এ ৩ দিনের সফর শেষ হবে। ই-জিপি সিস্টেম বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তা করছে বিশ্বব্যাংক।







